স্টাফ রিপোর্টার : চার কোটি পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডেভেলপার ব্যবসায়ী হারুন অর রশিদের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে।
সোমবার (৫ই সেপ্টেম্বর) শহরের অম্বিকা বসু লেনের বাসিন্দা ডাক্তার শামীম হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। আসামি হারুন অর রশিদ শহরের বেজপাড়ার গয়ারাম সড়কের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, শামীম হোসেন সরকারি চাকরিজীবী ও চিকিৎসক। আসামি হারুন অর রশিদ ডেভেলপার ও এক্সপোর্ট—ইমপোর্ট ব্যবসায়ী। একে অপরের পরিচিত। ব্যবসায়িক প্রয়োজনে হারুন অর রশিদ শামীম হোসেনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিতেন। ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন সময়ে হারুন অর রশিদ স্ট্যাম্পে স্বাক্ষর করে মোট এক কোটি ৬৮ লাখ, ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এক কোটি ১৩ লাখ ও ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এক কোটি ২৪ লাখ টাকা ধার নেন। হারুন অর রশিদের ধারের চার কোটি ৫ লাখ টাকা চলতি বছরের ৪ আগস্টের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু তিনি ধারের টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। গত ২৫ আগস্ট শামীম হোসেন বাড়িতে ডেকে এনে হারুন অর রশিদকে টাকা দেয়ার কথা বলেন। তখন তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে পরিশোধ করতে পারবেন না বলে জানিয়ে চলে যান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে মামলা করেছেন শামীম হোসেন।