যশোরে পিকআপের ধাক্কায় নারী বাইকার সহ নিহত-২
চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ যশোরের চৌগাছায় একটি মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কয়ারপাড়া টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (১৯) এবং যশোরের চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে মিথিলা খাতুন (১৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মিথিলা মোটরসাইকেল চালিয়ে নয়নকে সঙ্গে নিয়ে চৌগাছার আড়ারদাহ এলাকার একটি রেস্টুরেন্টের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কয়ারপাড়া টালিখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলচালক মিথিলার মাথায় কোনো হেলমেট ছিল না বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মিথিলাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিথিলার মা বেবি খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।