দেড় বছরের শিশু ভাতিজাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে চাচা-ভাতিজার মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর : বাড়ির পাশে দেড় বছর বয়সী শিশু মোহাম্মদ ইউসুফ খেলা করছিলো। খেলতে খেলতে এক সময় সে ট্রেন লাইনের উপরে উঠে যায়।

দুপুর ১২ টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনা গামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি শিশুটিকে চাপা দেয়ার উপক্রম হলে চাচা আমিরুল (৫৫) বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনা স্থলে মারা যান। আর শিশুটি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসাপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহত আমিরুল ইসলাম ওই এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে।

এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারোটার দিকে যশোর সদর উপজেলার ধোপাখোলা বাউল কান্দা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেনাপোল-যশোর রেললাইন সংলগ্ন যশোর সদরের ধোপাখোলা বাউল কান্দা গ্রাম। আমিরুলের দেড় বছরের ভাইপো ইউসুফ রেল লাইনের পাশে বসে খেলা করছিলো। ট্রেনের বাঁশি শুনতে পেয়ে আমিরুল দূর থেকে দেখতে পায় ছোট্ট শিশু ইউসুফ রেললাইনের উপরে। সে দৌড়ে গিয়ে ইউসুফকে ট্রেন লাইনের উপর থেকে সরিয়ে নিতে গিয়ে ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশুটিও। আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যুর ঘোষণা করেন।

 

যশোর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুটিও হাসপাতালে আছে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *