স্টাফ রিপোর্টার:রাজধানীতে পরকীয়া করে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী রনি (৩৫)। এ ঘটনায় ঘাতক রনিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়ার এলাকার ২৫৩/৩ নম্বর বিল্ডিংয়ের তিনতলার বাসায় শোয়ার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই দুই বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ইয়াসমিন (৩০) ও তার ছোট বোন শিমু (১৬)। তারা দুইজন দুটি গার্মেন্টসে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই বাসা থেকে চিৎকার শুনে এলাকাবাসী দরজা ভাঙার চেষ্টা করে। একপর্যায়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে রনিকে আটক করে। কিন্তু ততক্ষণে স্ত্রী এবং শ্যালিকা দুজনকেই কুপিয়ে হত্যা করে সে।
এলাকাবাসী জানায়, রনি ও ইয়াসমিন দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসাবাস করতো। পারিবারিক কলহের জেরে চার মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ ঘটনায় অভিযুক্ত রনিকে আটক করেছে পুলিশ। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়েছে বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল।
ওসি জানান, রনি পেশায় একজন রিকশাচালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করেছেন তিনি।
বিপ্লব কুমার শীল আরো জানান, পুলিশ ঘটনাস্থলে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এটি শেষ হলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।