নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁয় অতিরিক্ত মদপানে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।
মারা যাওয়া তিনজন হলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোহসিন মিয়া (২৩) ও জৈনপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৪০)।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। মেঘনা শিল্পাঞ্চল এলাকায় জাহিদ হাসানের ব্যক্তিগত কার্যালয় আছে।
শুক্রবার রাতে সেই কার্যালয়ে জাহিদ হাসান, তার গাড়িচালক তোফাজ্জল হোসেন, সহযোগী মোহসীন মিয়া, জিসান মিয়া, মো. রিফাত, রাহিম হোসেন, মো. সুমন ও সারোয়ার মিয়া একসঙ্গে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হাসান, তোফাজ্জল হোসেন ও মোহসীন মিয়া মারা যান। সেখানে এখনো চিকিৎসাধীন জিসান মিয়া ও মো. প্রদীপ। জিসানের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই মদ পানের সাথে অন্য কোন চক্রান্তে আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। তাছাড়া লাশটি ময়নাতদন্তের পরে জানা যাবে। তাদের মদপানে মৃত্যু হয়েছে নাকি মদের সাথে বিষাক্ত কোন পদার্থ বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে। যদি বিষক্রিয়ার কোন ঘটনা ঘটে তাহলে মদ ব্যবসায়ী কে আইনের আশ্রয় নিয়ে আসা হবে বলে তিনি জানান।