নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুই তরুণ শাকিব শাহরিয়ার ও রাফে সালমান রিফাত।
নতুন কমিটিতে শাকিব শাহরিয়ার সহ-শিক্ষা সম্পাদক এবং রাফে সালমান রিফাত ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।মানচিত্র দেখুন
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন দায়িত্ব পাওয়া শাকিব শাহরিয়ার যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অব এক্সিলেন্সের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ছিলেন।
অন্যদিকে, একই ইউনিয়নের লাউজানি গ্রামের সন্তান রাফে সালমান রিফাত নতুন কমিটিতে ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে রাফে সালমান রিফাত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য চীনে অবস্থান করছেন।
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে রয়েছেন। কমিটিতে বিভিন্ন সাংগঠনিক ও সম্পাদকীয় পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।