স্টাফ রিপোর্টার: যশোরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমি আক্তার (২২) নামে এক সুন্দরী নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২৭শে নভেম্বর ) রাত সাড়ে সাতটার দিকে যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে মোশারফের বাড়ীর ভাড়া বাসা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
সুমি বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছী হালিম হালদারের মেয়ে। এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তার সহযোগী যশোর পূর্ব বারান্দি পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম রাজন (২৪) ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে অলিয়ার রহমান (৩৫) কে আটক করতে সক্ষম হয়।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটা টিম ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে মোশারফের বাড়ীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হবে।