বেনাপোলে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

আব্দুল্লাহ আল মামুন, বেনাপোল: যশোরের বেনাপোলে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ জিয়াউর রহমান(৪৭) নামে এক মাদক কারবারীকে আটক হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা তাকে এসব মাদকদ্রব্য সহ আটক করেন। এ সময়ে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেন। সে বেনাপোল বড়আঁচড়া গ্রামের আদম আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জামিল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটক জিয়াউর রহমান বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জিয়াউর বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোরের দিক থেকে একটি মোটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছে। মোটরসাইকেলটি আমড়াখালি চেকপোস্টে পৌঁছালে তাকে সিগনাল দিয়ে থামানো হয়। এরপর তার প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদক মামলা দিয়ে জিয়াউরকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *