ঝিকরগাছা সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে ঝিকরগাছা-বাঁকড়া আবুল হোসেন সড়কের বল্লা বালিগাদা কবরস্থান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, নয়ন হোসেন (১৯) এবং হোসেন আলী (২০)। এ ছাড়া এ ঘটনায় আক্তারুল ইসলাম (১৭), রাব্বি হোসেন (১৮) ও নাইম হোসেন (১২) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছে।
শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, ঝিকরগাছা বাঁকড়া সড়কের বল্লা এলাকায় বেপরোয়াভাবে ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল।এ সময় বালিগাদা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুই যুবক ই দ্রুতগতিতে মোটর সাইকেল চালাচ্ছিল। বল্লা বালিগাদা নামক স্থানে পৌঁছালে তারা মোটরসাইকেলের গতি রোধ করতে পারেনি। ফলে দুইটা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। নিহত ও আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সামনাসামনি সংঘর্ষ হওয়ায় মোটরসাইকেল দুটি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে বলে তিনি জানান।
বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহতদের মধ্যে আক্তারুল ইসলাম ও রাব্বি হোসেনকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাইম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।