স্টাফ রিপোর্টার:যশোরের ঝিকরগাছায় রেজাউল ইসলাম রেজা (৩৫) ও মনোয়ারা বেগম ওরফে ভাবি (৪৫) নামে দুই মাদক সম্রাট কে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। রোববার ভোর চারটার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের মনোহরপুর বাঁশ বাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসডিল ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির সাড়ে ৯ হাজার টাকাও জব্দ করা হয়। আটককৃত রেজাউল ইসলাম রেজা মনোহরপুর আনিসুর রহমানের ছেলে ও মনোয়ারা বেগম একই এলাকার অলিউর রহমানের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। ঝিকরগাছা সহ তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল সন্ধ্যায় গোপনে সংবাদ আসে আটককৃত নারী-পুরুষ উপজেলার মনোহারপুর একটি বাঁশ বাগানের ভিতর মাদক স্পট তৈরি করে সেখানে মাদক বেচাকেনা করছিল। রাত তিনটার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে আশেপাশে তল্লাশি চালিয়ে বাশের পাতার ভেতর থেকে ৩০ বোতল ফেনডিল ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।