নিজস্ব প্রতিনিধি:: পুলিশ যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ছয়জন নারী-পুরুষকে আটক করেছে।
আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এসব তথ্য জানান।কোতয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান ও ইনসপেক্টর তুষারকুমার মণ্ডল ফোর্সসহ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া, চাঁচড়া চেকপোস্ট, সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করেন।
তিনি বলেন, পূর্ববারান্দী মোল্লাপাড়া থেকে প্রথমে দুই কেজি গাঁজা উদ্ধারসহ সাবিনা বেগম (২৮), পারভীনা খাতুন (৩০) ও রুবেল ইসলাম বাবুকে (৩২) পুলিশ আটক করে। এরপর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আট কেজি গাঁজা উদ্ধারসহ ইফতিয়ার মণ্ডল (৫০) ও সাইফুল ইসলামকে (২৫) আটক করা হয়। তারা শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। একইরাতে পুলিশ সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রাম থেকে দুই কেজি গাঁজা ও চার বোতল ফেনসিডিলসহ বিপুল হোসেন
(৩৫) নামে একজনকে আটক করা হয়।
প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, সদর ফাঁড়ির ইনসপেক্টর তুষারকুমার মণ্ডল, ইনসপেক্টর সুমন ভদ্র ও ইনসপেক্টর সমীরকুমার সরকার উপস্থিত ছিলেন।