হেফাজত তাণ্ডব: ১১ মামলা, ১০ সহস্রাধিক আসামি

নিউজটি শেয়ার লাইক দিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজারের বেশি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত হওয়া ১১টি মামলায় আসামি ১০ হাজারের বেশি। পুলিশ এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর মডেল থানায় আটটি মামলা করা হয়েছে। আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় হামলা ও প্লাজা সংলগ্ন পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে আশুগঞ্জ থানায় দুটি মামলা এবং সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে।

এসব মামলায় ১০৭ জনকে নামে এবং ১০ হাজারের বেশি মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সদর থানা পুলিশ ১৮ জন ও আশুগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর, সরাইল ও আশুগঞ্জে তাণ্ডব চালিয়ে সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, দুটি মন্দির, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ভূমি অফিস, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলা সরকারি গণগ্রন্থাগারসহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে হেফাজতের সমর্থকরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *