স্টাফ রিপোর্টার:যশোর কেন্দ্রীয় কারাগারে শামীম ওরফে সমীর (৩০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে।বুধবার সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিনকান্তি খান জানান, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে একবছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে তিনি ফেনী কারাগারে ছিলেন।
সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন। আজ (বুধবার) সকালে তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, সকালে গুরুতর অবস্থায় তাকে জেল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেন স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।