স্টাফ রিপোর্টার:, যশোরে মেহেদী হাসান সাগর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে যশোরে পৌর কাউন্সিলর মক শিমুলবারী ওরফে অপুর বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।নিহত সাগর শহরতলীর বিরামপুর পূর্বপাড়া আবু হানিফের ছেলে।
এ ব্যাপারে কাউন্সিলর শিমুলবারী অপু জানান, সকালে এক দোকানিনি তাকে ফোন করে জানায় তার বাড়ির পাশে একটি যুবকের লাশ পড়ে আছে। তার বুকে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।পরনে জিন্স প্যান্ট, গায় কাল জামা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত সাগর ইয়াবাসহ নানা মাদকদ্রব্য নেশায় আসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারের কারো সাথে সম্পর্ক ছিল না। শহরতলীর একটি ছিনতাইকারী চক্রের সাথে তার সখ্যতা ছিল। অনেকে জানিয়েছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি অথবা মাদক সংক্রান্ত কোন দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে নানামুখী তথ্য আসছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।কাদের সাথে তার চলাচল ছিল সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে পুলিশের একটা টিম মাঠে নেমেছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি অপরাধী সনাক্ত হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হবে বলে তিনি জানান।