যশোরে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে শেখ আবু তালেব (৭০) নামে সাবেক এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

বুধবার (১১ই নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত শফিয়ার শেখ (৩৮) ঘটনার পর পালিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।

 

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে এবং ঘাতককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *