স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে খুলনা, ঢাকাসহ দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে যশোর এক নম্বর রেলগেটে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছে, গেটে ডাউন সিগন্যাল পেলেও ডাউন পয়েন্ট কিলিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ কারণে প্রথমে যাত্রীবাহী ট্রেনটি এক নম্বর প্লাটফর্মে প্রবেশ করতে যায়। কিন্তু সিগন্যাল পয়েন্টে কিলিয়ার না পাওয়ায় যাত্রীবাহী ট্রেন টি তিন নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ে। যে কারণে ট্রেনটির ইঞ্জিন সহ পাঁচটা বগি তিন নম্বর প্ল্যাটফর্মের লাইনে প্রবেশ করলেও বাকি বগিগুলো এক নম্বর লাইনে থেকে যায়। এবং ট্রেন লাইনের স্লিপার গুলো উঠে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তারা।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানিয়েছেন, যশোর এক নম্বর রেলগেট অতিক্রম করার সময় ট্রেনটির হুক ছিড়ে গিয়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। যে কারণটি ট্রেনটি এক নম্বর প্লাটফর্মের লাইনে দাঁড়ানোর কথা থাকলেও ট্রেনটি তিন নম্বর লাইনে চলে যায়। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

যশোর স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেল স্টেশন প্লাটফর্মে প্রবেশের পূর্বে এক নম্বর রেলগেটে পবলিন বা হুক ছিড়ে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে কি কারণে পবলিন বা হুক ছিঁড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় খুলনার সঙ্গে ঢাকা ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এক ঘন্টার ভিতরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে অনুসন্ধান চলচলছে। অনুসন্ধান শেষ হওয়ার পরেই দুর্ঘটনার কারণ জানা যাবে বলে তিনি জানান।