স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সম্প্রতি সময়ের ভয়ংকর নেশাদ্রব্য “ক্রিসটাল মেথ আইস” ও ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিনা খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর ২১) রাত দশটার দিকে যশোর শহরের সিটি কলেজ পাড়ার নিরঞ্জন লস্করের বাসার সামনে অভিযান চালিয়ে এ বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তাকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক নারী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাদিপুর বেগুনবাড়ি এলাকার মামুন মণ্ডলের স্ত্রী।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রিনা বেগম বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও নতুন ভয়ংকার মাদক আইস নিয়ে যশোর সিটি কলেজ পাড়ার নিরঞ্জন নস্করের বাড়ির সামনে অবস্থান করছে। বিষয়টি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে জানালে তিনি আসামিকে আটকের নির্দেশ দেন। এ সময় যশোর গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার এসআই শাহিনুর রহমান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই ইপি বালার সমন্বয়ে গঠিত একটা টিম সেখানে পাঠানো হয়। রাত দশটার দিকে সেখানে অভিযান চালিয়ে তারা মাদক ব্যবসায়ী রিনা খাতুন কে আটক করেন। এ সময়ে তার কাছ থেকে নতুন ভয়ংকার নেশা জাতীয় দ্রব্য “ক্রিসটাল মেথ আইস” ও ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নামে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।