স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ই এপ্রিল ২০২৩) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল শাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব স্বর্ণের বার উদ্ধার করেন। তবে স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। এসব স্বর্ণের বাজার মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায় লেফটেন কর্নেল আহমেদ জামিল হাসান নিশ্চিত করে বলেন মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী বাংলাদেশ হতে সাদীপুর সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিভুক্ত একটি চৌকস টহলদল সকাল সাড়ে দশটার দিকে বেনাপোল সাদীপুর সীমান্তে অভিযান চালালে একজন ব্যক্তিকে সন্দেহজনক মূলক ভাবে ঘোরাঘুরি করতে দেখে ধাওয়া করলে পালানোর সময়ে ওই ব্যক্তির কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরে প্যাকেট হতে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের বিষয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাতন নামে একটি মামলা করা হয়েছে।