স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দু’টি পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারী আটক হয়েছে।
রবিবার (৯ই এপ্রিল ২০২৩ ) সকাল থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত জেলার নিউমার্কেট বাস স্ট্যান্ড এলাকায় ও ঝিকরগাছা উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ এ তিন কারবারীকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার রাত সাড়ে ১১ টার দিকে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড মোড়ে ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন বিপ্লব (৪০) ও জুয়েল আহম্মেদ (২৬) নামে চিহ্নিত দুই মাদক কারবারীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

রবিবার (৯ই এপ্রিল ২০২৩ ) যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই শেখ কামরুলের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছার মনোহরপুর পশ্চিমপাড়ার কিতাব আলীর বাড়ীর সামনে অভিযান চালিয়ে মিঠু মিয়া (৩৫) নামে এক মাদক কারবারীকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। সে ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃতবাজার এলাকার শুক্কুর আলীর ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল যশোর জেলা গোয়েন্দা পুলিশের দু’টি পৃথক দল অভিযান চালিয়ে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নিজ নিজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।