বেনাপোল প্রতিনিধ: যশোরের বেনাপোল গোগা সীমান্তে ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
জব্দ করা এসব স্বর্ণের ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯টার দিকে গোগা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।আটকৃত জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
খুলনা ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। এখবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা। এসব স্বর্ণ পাচারের দায়ে আটকৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।