আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলি নগর কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ।
স্থানীয় সময় শুক্রবার (১২মার্চ) সন্ধ্যায় মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মেয়র জ্যাকব ফেরি ক্ষতিপূরণের মাধ্যমে মামলার নিষ্পত্তির বিষয়টি জানিয়েছেন।
২০২০ সালের ২৫মে টেক্সাস অঙ্গরাজ্যের জর্জ ফ্লয়েডকে (৪৬) হাঁটুর তলায় চেপে ধরে নির্যাতন ও হত্যা করে ডেরেক চৌভিন নামে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এ ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ আন্দোলন শুরু হয় সারা বিশ্বে।
এ ঘটনায় চৌভিনকে ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত করা হয় এবং তাকে আসামি করা হয়। বর্তমানে তার মামলা চলমান রয়েছে। ২৯ মার্চ মামলার শুনানি হবে।
ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, “ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় সমাধানে পৌঁছাতে পেরে আমি ও আমার পরিবার সন্তুষ্ট। আমাদের হৃদয় ভাঙার পরও স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কীভাবে বেঁচে থাকতে হয়।”
ফ্লয়েডের পরিবারের পক্ষের আইনজীবী বেন ক্রম্প জানান, এ ধরনের মৃত্যুতে এটাই সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি। যা একজন কালো মানুষের অধিকার ও পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিয়েছে।
বেন ক্রাম্প বলেন, “ন্যায়বিচারের পথে এটি ‘একটি পদক্ষেপ’ মাত্র। ফ্লয়েডের মৃত্যু হচ্ছে বর্ণবাদ ও পক্ষপাতদুষ্টতার অবস্থা নির্ণয়ের জলন্ত উদাহরণ।”
বিশ ডলারের একটি জাল নোট দিয়ে সিগারেট কেনার অভিযোগে আটক করা হয় ফ্লয়েডকে। আর তারপরই ঘটে মৃত্যুর ঘটনা। ঘটনার পরদিনই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এই ঘটনার একমাস পরে জুনে সিভিল কোর্টে মামলা করেন ফ্লয়েডের পরিবারের আইনজীবীরা।