জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে আফরান আহাদ (১৭) ও রানা আহমেদ (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ সময় শিমন আহমেদ(১৭) নামের আরও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ই মে ২০২৩) দুপুর ২টার দিকে বৃষ্টির সময় রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা আরফান আহাদ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং রানা আহমেদ একই গ্রামের বাছেদ মিয়ার ছেলা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক।
স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেরে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদ (১৭) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিমন নামের একজনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।