জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) ও তার ছেলের আশিক তালুকদারের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১লা মে ২০২৩) সন্ধ্যায় রিপন তালুকদার ও মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের যমুনা নদী থেকে আশিক তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেন্দুর আটা গ্রামের শহীদ তালুকদারের ছেলে ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০শে এপ্রিল) সন্ধ্যায় রিপন তালুকদার ছেলে আশিক তালুকদারকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি নিচিন্তপুর ইউনিয়নের চর জজিরা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ হন বাবা-ছেলে। নিখোঁজের একদিন পর সোমবার সন্ধ্যায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে রাতেই মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। আজ সকালে ছেলে আশিক তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে চলছে। তদন্ত শেষে বলা যাবে কি কারনে তাদের মৃত্যু হয়েছে।