আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে ব্যাপক সামরিক শক্তি বাড়িয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন তথ্য দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, চীন সীমান্তে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সেনা মোতায়েন করা হয়েছে।
জয়শঙ্কর বলেছেন, ‘চীনকে সীমান্তের বর্তমান স্থিতাবস্থা “একতরফাভাবে পরিবর্তন” করতে দেবে না ভারত।’ অরুণাচল প্রদেশ রাজ্যের সীমান্তে একটি বিতর্কিত এলাকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর সংঘর্ষের কয়েক দিন পর এমন মন্তব্য করেন তিনি।
ভারত বলেছে, চীনা সৈন্যদের অনধিকার প্রবেশের কারণে সংঘাত শুরু হয়।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তাদের জানা মতে, সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল ছিলো এবং উভয় পক্ষ এই বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে।
ভারত ও চীনের মধ্যে ২১০০ মাইলের একটি বিতর্কিত সীমান্ত রয়েছে। এটাকে ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ বা ‘এলএসি’ বলে অভিহিত করা হয়। এ সীমান্ত সঠিকভাবে চিহ্নিত করা হয়নি। এ কারণে দু’দেশের সেনারা প্রায়ই সংঘাতে লিপ্ত হয়।
এর আগে ২০২০ সালের জুন মাসে পশ্চিমে লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় একটি হিংসাত্মক সংঘর্ষের পর থেকে উভয় পক্ষই সংঘাত নিরসনে সম্মত হয়। ওই সময় সংঘাতের কারণে কমপক্ষে ২০ ভারতীয় সৈন্য এবং চার চীনা সেনা মারা যান। এরপর থেকেই মাঝে মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অহরহ সংঘর্ষের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে ভারত সম্প্রতি সময়ে বেশ উদ্বিগ্ন।