ওষুধ সরবরাহও রোগীর হিসাবের তথ্য নেই যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকটে

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর : খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। যে কারণে বৃহত্তম যশোর সহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাওয়ার আশায় এখানে আসেন। আর সেবা প্রত্যাশীদের কেন্দ্র করে হাসপাতালে গড়ে উঠেছে একটা সক্রিয় সিন্ডিকেট। যার সঙ্গে জড়িত রয়েছে হাসপাতালের অনেক কর্মকর্তাও।  অনুসন্ধানে এসব তথ্য বের হয়ে এসেছে।

১৬ই জুলাই যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের নিকটে হাসপাতালের নানাবিধ তথ্য চেয়ে অনলাইনে আবেদন করা হয়। কিন্তু দুই সপ্তাহ পরে তিনি জানিয়ে দেন অনলাইনে আবেদনকৃত তথ্য গ্রহণযোগ্য নয়। তাই অফিসে এসে আবেদনের হার্ডকপি জমা দিতে হবে।

একপর্যায়ে গত ২৩ শে জুলাই বেলা সাড়ে ১১ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের হাসপাতালের অফিস রুমে গিয়ে আবেদনের হার্ডকপি জমা দেওয়া হয়।  আবেদন জমা প্রদানের ১৮ দিনের মধ্যে কয়েক দফায় ফোন দিয়ে তথ্যটা প্রদানের জন্য অনুরোধ করা হয়। ১৪ই আগস্ট সকাল দশটার দিকে আবারো তাকে ফোন দেয়া হয়। তখন তিনি বলেন অফিসে এসে তথ্য নিয়ে যান। এরপর সাথে সাথে সেখানে গেলে সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অফিসে বসিয়ে রেখে বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে দায় সারাভাবে তথ্য প্রদান করেন। যেখানে আবেদনে চাওয়া তথ্যের সাথে কোন মিল নেই। অফিসে বসেই সাথে সাথে বিষয়টি তাকে জানালে তিনি বলেন, আপনি আবার আবেদন করেন। যে যে বিষয়ে তথ্য দেয়া হয়নি, ওই বিষয়গুলো আবারো উল্লেখ করেন। এরপর আপনাকে তথ্য প্রদান করা হবে।

আবেদনের দীর্ঘ এক মাসের পর তিনি যে তথ্য দিয়েছেন তা আবেদনে চাওয়া তথ্যের সাথে কোন সংগতি নেই। তার পরে দেওয়া তথ্যের মধ্যে কিছুটা কম্পিউটারে, কিছুটা অস্পষ্ট অক্ষরে হাতে লেখা, কোনটা বাংলায় লেখা, কোনটা ইংরেজিতে লেখা রয়েছে। যেটার এক কথায় বলা হয় গোজামিল।

 

তত্ত্বাবধায়কের দেওয়া তথ্যের কিঞ্চিৎ পরিমাণে  পাঠকদের জন্য কিছু তথ্য উপস্থাপন করলাম। তিনি জানিয়েছেন, গত ২০২২ ২৩ অর্থবছরে আউটডোরে মোট টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩১০ টাকা । তবে কি পরিমানে রোগীর থেকে এ টাকা আদায় হয়েছে তা উল্লেখ করেননি। ২০২২ সালের জানুয়ারি থেকে ২২ সালের ডিসেম্বর পর্যন্ত ইনডোরে ভর্তির রোগীর সংখ্যা দেখিয়েছেন ৭৭১৭৬ জন। এখাত থেকে কি পরিমাণে আয় হয়েছে, সেটা তিনি উল্লেখ করেননি। অথচ তার কাছে চাওয়া হয়েছে ২০২৩ সাল থেকে হাসপাতালে সেবা নেওয়া রোগীর সংখ্যা ও টাকার পরিমানের তথ্য। সেখানেও তিনি বিষয়গুলো এড়িয়ে গেছেন। হাসপাতালে খাদ্য সরবরাহের জন্য অর্থবছরে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। কিন্তু কতজন রোগীকে কি পরিমাণে খাদ্য হাসপাতালে দেয়া হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ করেননি। হাসপাতালের রোগ নির্ণয়ের জন্য ৭১ টি যন্ত্রপাতি মধ্যে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে ৪৭ টি। যন্ত্রপাতি সচল রয়েছে ২৪ টি। গত তিন মাসে মেরামত করা হয়েছে আরো ২৯ টি যন্ত্রপাতি। কিন্তু কি পরিমাণে এসব যন্ত্রপাতি মেরামতে টাকা ব্যয় হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই উল্লেখ করেননি। হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য বরাদ্দের অর্থের বিষয়েও তিনি কিছুই উল্লেখ করেননি।

হাসপাতালের একাধিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বনামধন্য এ সরকারি হাসপাতালে প্রতিদিন আউটডোরে ১০ টাকা টিকিটের বিনিময়ে ২৫০০ থেকে ৩০০০ রোগী ডাক্তার দেখিয়ে থাকেন।  সেই হিসাবে প্রতিদিন এ খাত থেকে কমপক্ষে ২৫ হাজার টাকা আদায় হয়। প্রতি শুক্রবার আউট ডোর বন্ধ থাকে অর্থাৎ ২৬ দিনে বা এক মাসে ওই খাত থেকে আসে ৬ লাখ ৫০ হাজার টাকা। হাসপাতালের ইনডোরে রোগীর ভর্তি ফি ১৫ টাকা। তবে কর্তৃপক্ষ নেন ৫০ টাকা।

হাসপাতালে পুরুষ-মহিলা মিলে পেইং বেড মোট ৫২টি। প্রতিদিন দুইশ করে হলে হয় ১০ হাজার ৪০০ টাকা। ২৬ দিনে ২ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে সব বাদ দিয়ে সর্বনিম্ন যদি এক হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা করানো হয় এবং প্রত্যেকের থেকে কমপক্ষে ৫০০ টাকা করেও নেয়া হয়, তাহলে প্রতিদিন পাঁচ লাখ টাকা জমা হওয়ার কথা। যা ২৬ দিনে এসে দাড়ায় এক কোটি ৩০ লাখ টাকা। এরপরে প্রতি সপ্তাহে ২০টির অধিক ‘ওটি’ হয়। চার সপ্তাহে যদি ৮০টি ‘ওটি’ হয়, সব কিছু মিলিয়ে ওটি চার্জ এক হাজার থেকে দুই হাজার টাকা। হাসপাতালে যেসব পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তার কোনো কোনো টা সিটিস্ক্যানের ক্ষেত্রে সর্বনিন্ম ২ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে জখমি সনদ বাণিজ্য ও বেড়েছে। সাধারণ জখমি সনদ নিতেও ভুক্তভোগীর কাছ থেকে ২ হাজার টাকা আদায় করা হচ্ছে।গ্রিভিয়াস জখমি সনদ নিতে হলে ২০ থেকে ২৫ হাজার টাকা। হাসপাতালের মর্গ থেকে লাশ নিতেও লাগে ২ হাজার থেকে ২৫০০ টাকা।

হাসপাতালের প্যাথলজি বিভাগ টেস্ট করতে নিয়ে গেলে একজন ওয়ার্ড বায়কে টলি ভাড়া দিতে হয়, তলা প্রতি ১০০ টাকা। রোগী হাসপাতাল থেকে রিলিজ নিয়ে যাওয়ার সময়ে ওয়ার্ড বায়কে দিতে হয় ৩০০ থেকে ৫০০ টাকা। লেবার ওয়ার্ডে ৫০০ থেকে ১০০০ টাকা দিতে হয়। টাকা না দিলে এসব কর্মচারীরা রোগীর সাথে থাকা ব্যক্তিদের আত্মসম্মানজনক ভাষা ব্যবহার করে কটুক্তি করেন। এমনকি ভয়-ভীতি ও দেখান। সব মিলে প্রতি মাসে হাসপাতালের বিভিন্ন খাত থেকে আয় দেয় কোটি টাকার অধিক।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে হাসপাতালের প্যাথলজি বিভাগে কৃত্তিমভাবে যন্ত্রপাতি নষ্ট দেখিয়ে ও জনবল ঘাটতি দেখিয়ে, রি-এজেন্টের সংকট দেখিয়ে বাইরের ক্লিনিকে এসব রোগীদের পাঠান হয়। সেখান থেকে কমিশন গ্রহণ করেন হাসপাতালের অসাধু ডাক্তার ও কর্মচারীরা। প্রতিদিন এ হাসপাতালে প্রতিদিন ৪শ’ থেকে সাড়ে ৪শ’ রোগীর পরীক্ষা করা সম্ভব। অথচ পরীক্ষা করা হচ্ছে ১শ জনের। ফলে প্রতিদিন শতাধিক রোগী পরীক্ষা-নিরীক্ষা করতে  হাসপাতালে রক্ষিত আউটসোর্সিং নামধারী দালালরা তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আশেপাশের নাম সর্বস্ব ক্লিনিক গুলোতে নিয়ে টেস্ট বাণিজ্যের নামে গলা কাটেন।

 

আরো অভিযোগ রয়েছে, হাসপাতালে রোগীরা পরিমাণ মতো ও মানসম্মত খাবার পায় না। এ টাকা হাসপাতাল কর্তৃপক্ষ ও ঠিকাদার পেটে যায়। এসব কারণেই কোন অবস্থাতেই ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে খাদ্য সরবরাহের কাজ হাতছাড়া করতে চায় না। একই ঠিকাদার ২৫ বছরের অধিক সময়ে হাসপাতালে খাদ্য সরবরাহ করে আসছে। এক দশকেরও বেশি সময় খাবারের টেন্ডার বন্ধ আছে। পূর্বের ঠিকাদার মামলা দিয়ে টেন্ডার বন্ধ করে খাদ্য সরবরাহ করছে।

হাসপাতালের রোগীদের খাবার (পথ্য) বাবদ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের শফিকুর রহমান ও মেসার্স হাফিজুর রহমান নামে দু’জন ঠিকাদার খাবার সরবরাহ করে আসছে। প্রতিদিন রোগীর মাথাপিছু বরাদ্দ ১২৫ টাকা। এ টাকায় সকালে নাশতা ও দুপুর-রাতে দু’বারের খাবার সরবরাহ করার কথা। কিন্তু নির্ধারিত পরিমাণ ও মানসম্মত খাবার দেওয়া হয় না।

 

বাঘারপাড়ার খোকন নামে এক রোগী জানান, কয়েক মাস আগে আমাকে সন্ত্রাসীরা মেরে গুরুতর যখন করে রাস্তায় ফেলে রেখে গেয়েছিল। পরে আমার পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি ছিলাম সাত দিনের মত।  এরপর মামলা করার জন্য গ্রিভিয়াস জখমি সনদ নিতে গেছিলাম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে  সনদ দেওয়া নিয়ে তালবাহানা শুরু করলো। এক পর্যায়ে হাসপাতালের এক দালাল আমাকে বলে ২০ হাজার টাকা দিলে সনদ পাওয়া যাবে।

আছিয়া নামে এক রোগী জানান, দুপুরের খাবারে রুই কিংবা কাতল মাছ ৮০ গ্রাম দেয়ার কথা। কিন্তু বেশিরভাগ দিন দেয়া হয় মৃগেল কিংবা সিলভার মাছ। পরিমাণে অনেকটা কম। সকালের নাশতায় একশ’ গ্রাম ওজনের পাউরুটি কেউ পান না।

শনিবার (১৮ই আগস্ট) দুপুরে  অভিযোগের সত্যতা যাচাইয়ে হাসপাতালে অনুসন্ধানে গিয়ে এসব অভিযোগের সত্যতা মেলে।

ডেঙ্গু ওয়ার্ডের রাজু আহমেদ গত দু’দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি বলেন,হাসপাতালে সারা দিনে একবার ডাক্তার রাউন্ড করে যান। বাকি সময়ে সেবিকারা দেখাশোনা করেন। ডাক্তার এসে টেস্ট ও ওষুধের স্লিপ ধরিয়ে দিয়ে যান। খোঁজখবর নিয়ে জানতে পারি অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা এখানে করা সম্ভব নয়। একমাত্র নাপা ছাড়া বাকি সবই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়।

 

লেবার ওয়ার্ডের ভর্তি নাসরিন বেগম জানায়, গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি আছি। এখানে ভর্তির সময় ৩০ টাকা নিয়েছে। হাসপাতালে ভর্তির পর ডাক্তার ঠিকমতো আসে না । যে কারণে অধিকাংশ রোগী এখানে ভর্তি হওয়ার পর অন্য ক্লিনিকে চলে যায়। এখানে সিজারের জন্য কোন উপকরণ দেওয়া হয় না। স্যালাইনসহ গজ ব্যান্ডেজ সবই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। কম দামে দু-একটা ওষুধ ছাড়া বাকি সব ওষুধ ও বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। প্যাড পরিবর্তন করতেও আয়াকে দিতে হয় ৫০ থেকে ১০০ টাকা। আবার হাসপাতাল থেকে রিলিজ হওয়ার সময়ে আয়া ও সেবিকাদের দিতে হয় ৫০০ থেকে ১০০০ টাকা।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, হাসপাতালে আগত রোগীদের রোগ অন্যায়ের জন্য সিবিসি/পিবিএফ, এস.ক্রিয়েটিনাইন, ইএসআর/আরবিএস/২এইচএবিএফ, এসজিপিটি/এএলটি, এসজিওটি/এএসট, লিপিড প্রোফাইল, এস.ইউআরইএ, এস.ইউরিক এসিড, ইউরিন, ইসিজি, আল্ট্রাসনো, সিটিস্ক্যান, এক্স-রে সহ পঞ্চাশটির অধিক পরীক্ষা করা হয় হাসপাতালটিতে। এই পরীক্ষাগুলো জেনারেল হাসপাতালে করলে যে অর্থ লাগে বাইরের যে কোনো ক্লিনিকে করলে দ্বিগুণেরও বেশি অর্থ দরকার হয়।

 

সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা গেছে, সরকারি এই হাসপাতালে সরকারিভাবে ৮৪ প্রকারের ওষুধ সরবরাহ কর হয়ে থাকে। এর মধ্যে ইডিসিএল ৪৪ প্রকার ও স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় অর্থে টেন্ডারের মাধ্যমে অবশিষ্ট ৪০ প্রকার ওষুধ কর্তৃপক্ষ কেনেন। এরমধ্যে উল্লেখযোগ্য এ্যান্টিবায়োটিক ইনজেকশন, সেফট্রিএ্যাকসন, সেফ্রাডিন হাইড্রোকরটিসন, ওমিপ্রাজল, মেট্রোনিডাজল, ক্যাসিন, ওমিপ্রাজল ইত্যাদি।

কিন্তু রোগীর স্বজনদের ভাষ্যমতে বাস্তবতা ভিন্ন।গুরুত্বপূর্ণ দামী কোন ইনজেকশন, ওষুধ ,লিলেন সামগ্রী ও গজ-ব্যান্ডেজ রোগীদের দেয়া হয়না। যৎ সামান্য কম মূল্যের ওষুধ দেয়া হয়। যদিও দুই একটা দামি ওষুধের কথা ডাক্তার লিখেও থাকেন তাহলে স্টোরে গিয়ে ওষুধ চাইলে বা সেবিকা কে বললে বলে এসব ওষুধ সব শেষ হয়ে গেছে বলে জানান।

 

খাদ্য সরবরাহকারী ঠিকাদার শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ২৫ থেকে ৩০ বছর ধরে হাসপাতালে খাদ্য সরবরাহ করে আসছি। এটাই আমার ব্যবসা। তাই আমি রোগীদের যত সম্ভব ভালো খাবার দেয়ার চেষ্টা করি। তবে ২০১৩ সালে হাইকোর্টে মামলার পরে অন্যান্য হাসপাতালে খাবার সরবরাহে জনপ্রতি ৫০ টাকা বাড়িয়েছে। কিন্তু যশোর হাসপাতালের একটি টাকাও বাড়ানো হয়নি।

হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ পারভেজ মোশাররফের কাছে অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আগের ইনচার্জ আমার কাছে মেশিনপত্র বুঝে দেয়নি। তাই কতটা সচল এবং কতটা অচল আছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। প্যাথলজি বিভাগ থেকে গত এক বছরে কি পরিমান অর্থ উপার্জন হয়েছে সে বিষয়েও তিনি কিছুই জানেন। মেশিনপত্র কৃত্রিম অকেজো দেখিয়ে বিভিন্ন ক্লিনাকে রোগী পাঠিয়ে কমিশন গ্রহণের বিষয়ে তিনি অস্বীকার করেন।

 

সচেতন নাগরিক কমিটির (সনাক) যশোর শাখার সভাপতি প্রফেসর শাহিন আহমেদ বলেন, হাসপাতালের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারী ও হাসপাতালের দালালদের মাধ্যমে হাসপাতালের নানা অনিয়ম দুর্নীতি দীর্ঘদিনের। এ বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কয়েকদিন ভালো থাকলে সপ্তাহ না যেতেই হাসপাতালে অনিয়ম আবারো জেঁকে বসে।

হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, হাসপাতালের যথাযথভাবে সেবা না পাওয়ার দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে রোগীদের। তাই দুস্থ রোগীদের সহায়তার জন্য আমরা গত এক বছরে বিভিন্নভাবে ১৭ লাখ ৮ হাজার হাজার টাকার মত কালেকশন করেছি। সরকারি সহায়তাসহ ২২ লাখ ৫৪ হাজার টাকার মত দরিদ্র রোগীদের ওষুধ সহ নানা উপকরণ সরবরাহ করেছি।

 

অভিযোগের বিষয়টি নিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, হাসপাতালে ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা অনেক। তাছাড়া রি-এজেন্ট নেই বলে মেশিনগুলো পড়ে রয়েছে। যে কারণে এসব রোগীদের সেবা দিতে কিছুটা বিঘ্নিত হচ্ছে।

 

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে হাসপাতালে সব অনিয়মের বিষয়ে অস্বীকার করে বলেন, হাসপাতালে যে যন্ত্র পাতি গুলো সচল রয়েছে সেগুলোতে পরীক্ষা নিরীক্ষা করা হয়। মেশিনের রি-এজেন্ট অত্যান্ত দামী। ঢাকা থেকে সরবরাহ করলে সব ঠিক হয়ে যাবে।

 

উল্লেখ্য সদ্য বিদায়ী বছরে হাসপাতালে ৬ লাখ ২০ হাজার ৫৪০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিয়েছেন ৭০ হাজার ৩৬৬ জন। এই সময়ে এ খাত থেকে  রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৮৮৫ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *