রংপুর সংবাদদাতা: রংপুরে ডাম্পট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, অটোচালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অপর জনের এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশাটিতে আটজন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরানী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে যাচ্ছিল। অপরদিকে রংপুর থেকে ডাম্পট্রাকটি পীরগাছার দিকে যাচ্ছিল। শরেয়ারতল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন প্রাণ হারান।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরণী (৩০) ও নবাব আলী (৫৭) নামে দু’জন চিকিৎসাধীন রয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত আহতদের উদ্ধার করে রংপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।