যশোরে আবারো প্রতারক চক্র বেপরোয়া: ইউনিক থেকে ফিউচার, ফিউচার থেকে দেশ, আছে ওরা বেশ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রতারক চক্র আবারো বেপরোয়া হয়ে উঠেছে। মাঝেমধ্যে পেপার পত্রিকায় সংবাদের শিরোনাম হয়ে আটক হয় এসব প্রতারক চক্রের সদস্যরা।

আবারো জামিন নিয়ে এসে সদর্পে দাপিয়ে বেড়ায় শহরজুড়ে এসব প্রতারক চক্র। শহরের ভিতরে কিংবা বাইরে বিভিন্ন স্থানে অফিস ভাড়া নিয়ে চাকরির দেয়ার নামে এসব প্রতারণা করে আসছে এসব প্রতারক চক্রের সদস্যরা।

গত কয়েক বছর ধরে যশোর চাঁচড়া চেকপোস্টে ঝিকরগাছার আলোচিত প্রতারক শরিফুল, রিয়াজ, রাসেদুল চক্রের সদস্যরা ইউনিক সিকিউরিটি ফোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা করে আসছিলো।

শরিফুল আলম

গত ২ই ফেব্রুয়ারি ২০২১ ইংরেজি তারিখে দক্ষিণবঙ্গের বহুল প্রচারিত অনলাইন পত্রিকা novanews24 এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর প্রতারক চক্রটি তাদের অফিস গুটিয়ে যশোর ধর্মতলা এলাকায় ফিউচার ফোর্স লিমিটেড নামে প্রতিষ্ঠান খুলে আবারও প্রতারণা শুরু করে। বিষয়টি নিয়ে novanews24 অনলাইন পত্রিকা আবারো ফলোও করে সংবাদ পরিবেশন করেন।

আরো পড়ুন>>নামে বেনামে প্রতিষ্ঠান খুলে চলছে প্রতারণা,লাখো বেকার অর্থ খুইয়ে নিঃস্ব

বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিগোচর হলে যশোর র‌্যাব-৬  এর সদস্যরা প্রতারক চক্রটির প্রধান শরিফুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ তিন প্রতারককে আটক করেন। আটকের পর উত্তম-মধ্যম দিয়ে যশোর র‌্যাব-৬  এর সদস্যরা প্রতারণার মামলায় দিয়ে আদালতে সোপর্দ করেন। এরপর এই প্রতারক চক্র নিজেরা আড়াল থেকে যশোর শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড় এলাকায় দেশ সেফটি সিকিউরিটি ফোর্স লিমিটেড নামে প্রতিষ্ঠান খুলে চাকরি দেয়ার নাম করে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাম গঞ্জের অর্ধ শিক্ষিত লোকজনকে টার্গেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

রাশেদুল হাসান

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানিয়েছে, আমরা এখানে চাকরি জন্য টাকা-পয়সা দিয়েই এখন বিপাকে পড়েছি। ১বছর আগে রেলওয়েতে টিটি পদে চাকরি দেয়ার নাম করে জনপ্রতি ৫০ হাজার করে টাকা নিয়েছে। কিন্তু আপনাদের কাছে নাম প্রকাশ করলে আমাদের টাকা আর দেয়া হবে না বলে হুমকি দিয়েছে। প্রতারক চক্রটি প্রথমে ডিজিটাল মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রত্যাশীদের অফিসে নিয়ে আসে। এরপর ৫০০ টাকা করে চাকরির ফরম নিতে বলে। ফরম ফিলাপ করার পর ওইদিনই নামমাত্র পরীক্ষা নেওয়া হয়। যত মানুষ পরীক্ষা দেয় সবাইকে প্রতারক চক্রটি উত্তীর্ণ করেন। এরপর ৭ দিনের ট্রেনিং এর জন্য তিন হাজার করে টাকা নেন। ট্রেনিং সমাপ্ত করার পর ৪০ থেকে ৫০ হাজার টাকা জামানত নেওয়া হয় পোস্টিং এর জন্য। এভাবে প্রতিদিন কয়েক শত মানুষ এখানে আসে চাকুরীর জন্য। এসব চাকরি প্রত্যাশীদের প্রত্যেকের কাছ থেকে নেয়া হয় এ বিপুল পরিমাণ টাকা। এসব টাকা দিয়ে বছরের পর বছর চাকরি পায় না গ্রাম-গঞ্জ থেকে আসা শত শত বেকার যুবক। টাকা ফেরত চাইলেও এসব যুবকদের অফিসে থাকা সন্ত্রাসী দিয়ে তাদেরকে হুমকি-ধামকি দেখানো হয়। এমনকি মারধরও করা হয়। ফলে টাকা-পয়সার মায়া ত্যাগ করে জীবন হাতে নিয়ে পালিয়ে যায় চাকরি প্রত্যাশী এসব ভুক্তভোগী।

দেশ সেফটি সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডে অফিসের আশেপাশের একাধিক ব্যক্তি সাংবাদিক পরিচয় পেয়ে বলতে থাকেন এ প্রতারকরা গ্রাম-গঞ্জ থেকে অশিক্ষিত, অর্ধ শিক্ষিত লোকজনকে নানাভাবে উচ্চ বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সংগ্রহ করে। এরপর তাদেরকে অফিসে নিয়ে আসে। প্রতিদিন কয়েক শতশত লোক অফিসে নিয়ে আসেন। এরপরে চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা গ্রহণ করেন। অনেকে প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে জানার জন্য আমাদের কাছে আসেন। আমরা তাদেরকে এখানে টাকাপয়সা দিয়ে চাকরি না করার জন্য পরামর্শ দেয়। বিষয়টি প্রতারক চক্রের সদস্যরা জানার পরে চাকরি প্রত্যাশীদের অফিসের বাইরে চাকরির বিষয়ে আলাপ-আলোচনা করতে নিষেধ করেন। গ্রামগঞ্জে থেকে আসা এসব নিরীহ মানুষের প্রতি প্রতারণামূলক কার্যক্রম আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু আমাদের তো আর কোন কিছু করার নেই। হয়তো বা এসব প্রতারকদের পিছনে বড় কোন শক্তি কাজ করছে। তা না হলে এরা এ ধরনের প্রতারণা করতে পারে না। তাই হরহামেশাই প্রতারণা করে প্রতারক চক্রের সদস্যরা পার পেয়ে যাচ্ছে। তারা আরো জানায়, এসব বেকার যুবক গ্রাম থেকে গরু-ছাগল বিক্রি করে, জমি বন্ধক রেখে ও এনজিও থেকে লোন করে চাকরির আশায় এ প্রতারকদের কাছে টাকা পয়সা দিচ্ছে। আর এসব প্রতারক টাকা পয়সা নিয়ে অফিসের ভিতরে নানা অনৈতিক কাজবাজ করছে। দুই মাস পরপরই এখানকার লোক পরিবর্তন হয়। নতুন যারা আসে তাদেরকে আইডি কার্ড গলায় দিয়ে স্যুট, প্যান্ট,টাই পরে নতুনদের সামনে উপস্থাপন করেন। দুই মাস পরে কোন বেতনাদি না দিয়েই তাদেরকেও বিভিন্ন অজুহাতে আবার তাড়িয়েও দেয়া হয়। এভাবে প্রতারণার কাজ চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে।

আরো পড়ুন>> ইউনিক সিকিউরিটিজ নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা লুট

বিষয়টি নিয়ে দেশ সিকিউরিটি ফোর্সের পরিচালক রাশেদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সিকুরিটি গার্ড, হাসপাতল , প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি ভাবে প্রচলিত রেল কোম্পানিগুলোতে জনবল নিয়োগ দিয়ে থাকি। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় ওই টাকার ভিতরে ১০ হাজার টাকা শুধুমাত্র সিকিউরিটি এজেন্টের খরচ হিসেবে নেওয়া হয়। বাকি টাকা ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে জামানত রাখা হয়। তবে এ পর্যন্ত কতজন চাকরি প্রত্যাশীকে চাকরি দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি এ সময় বলেন এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয় আমরা কাউকে কিছু বলবো না। তিনি এ সময় দাবি করেন যশোর পৌরসভা, বেনাপোল পৌরসভা, ঝিকরগাছা পৌরসভা ও যশোর মেডিকেল কলেজে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আনেক জনবল নিয়োগ দিয়েছে।

আরো পড়ুন>>নাম পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না যশোরের আলোচিত প্রতারক শরিফুলের

বিষয়টি নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য বেনাপোল পৌর মেয়র লিটন ও যশোর পৌরসভার কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে এসব স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি প্রতারণা করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। বেনাপোলে পৌর মেয়র আশরাফুল আলম লিটন আরো বলেন, আমার নাম ভাঙ্গিয়ে বা বেনাপোল পৌরসভার নাম ভাঙ্গিয়ে যদি কেউ এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণা শুরু করে তাদেরকে বেঁধে উত্তম মাধ্যম দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন। লিখিতভাবে এ বিষয়ে কেউ আমাদেরকে জানালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের মুঠোফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে যশোর রেপ ছয়ের কোম্পানি লে: কমান্ডার এম নাজুর রহমান বলেন, গত দেড় থেকে দুই মাস শরিফুল ও তার দুই সহযোগীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। এসব প্রতারকরা জামিন পেয়ে আবারো প্রতারণার ব্যবসা শুরু করতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই। এখন আপনার মাধ্যমে জানলাম। খুব তাড়াতাড়ি এ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *