বরিশাল সংবাদদাতা: বরিশালের চরমোনাই পীরের মাহফিল যাওয়ার সময়ে আড়িয়াল খাঁ নদীর চর এলাকায় লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত আর একজন নিখোঁজ রয়েছে।
আজ বুধবার দুপুরে দিকে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বরিশাল ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে চড়ে ৪৫ জন মুসল্লি বরিশালের চরমোনাইর মাহফিলের উদ্দেশে রওনা দেন। রাত দেড়টা নাগাদ ট্রলারটি আড়িয়াল খাঁ নদীর নলচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে পয়শারহাটগামী একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগলে যাত্রীরা নদীতে পড়ে যান।
স্থানীয় জেলে ও বাসিন্দারা ৪১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু চরজন নিখোঁজ ছিলেন। আজ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তিন মুসল্লির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ আছেন।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত আব্দুল ওয়াহেদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৭২) মৃত হবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), কাবাড়িপাড়ার গোলাম রব্বানীর ছেলে সিরাজুল ইসলাম (৫২)। নিখোঁজ রয়েছেন রফিকুল ইসলাম (৬০)।
বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ট্রলারডুবির ঘটনায় মোট কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।