চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ৫

নিউজটি শেয়ার লাইক দিন

চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে ডা. সালেহ আহমেদের বাড়ির পাশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লার মনোহরগঞ্জ হয়ে চাটখিল যাওয়ার পথে ঘটনাস্থলে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, নিহতরা প্রাইভেটকারযোগে কুমিল্লা থেকে শাহরাস্তির এই সড়ক দিয়ে মনোহরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে গিয়ে প্রাইভেট কারের যাত্রীরা হতাহত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *