নির্বাচনী সহিংসতায় লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোটকেন্দ্র এলাকায় সহিংসতায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজিবের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। তিনি নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিদ্রোহী প্রার্থী সাবেক সহ-সভাপতি আমির হোসেন খাঁনের (আনারস) লোকজনের সঙ্গে দুপুর আড়াইটার দিকে নৌকার প্রার্থীর কর্মীদের সহিংসতা ঘটে। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান। বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ মারা গেছেন।

অভিযোগের বিষয়ে আমির হোসেন খাঁনের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে, তা আমার জানা নেই।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নয়নপুরে ভোট কেন্দ্রের বাহিরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দুইপক্ষের লোকজন জড়িত। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ মারা গেছেন কিনা তা শোনা যায়নি। তবে বিষয়টি খোঁজ-খবর নেয়া হচ্ছে। এরপরই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *