নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলে র্যাব-৬ এর পৃথক পৃথক অভিযানে ৪টি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী আটক হয়েছে।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বেনাপোল পুটখালী বালুন্ডা বাজারের টাওয়ার মার্কেটে সামনে অভিযান চালিয়ে ঝিনাইদহে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৩৫) নামে এক সন্ত্রাসীকে দু’টি ওয়ান শুটরগান পিস্তলসহ আটক করেন। আটক মনিরুজ্জামান পুটখালী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পরে আটককৃতের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা।
যশোর র্যাব-৬ এর সদস্যরা যশোরের বেনাপোলের দুর্গাপুরে অবস্থিত শীর্ষ মাদক ব্যবসায়ী বাদশা মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ানশুর্টারগান পিস্তলও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

শনিবার দিবাগত রাত দশটার দিকে বেনাপোলের দূর্গাপুর গ্রামে বাদশা মল্লিকের ৫ তলা বিল্ডিং বাড়ীর নিচতলার একটি রুম থেকে এ অস্ত্র উদ্ধার করে। তবে এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী বাদশা মল্লিক র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বাদশা মল্লিকের নামে অবৈধ অস্ত্র আইনে মামলা দিয়ে অস্ত্র বেনাপোল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন,রাত সাড়ে নটার দিকে বেনাপোল বালুন্ডা এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদা র্যাবের সদস্যরা দুটি পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করেন। ঠিক একই সময়ে আমরাও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোলের দুর্গাপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী বাদশা মল্লিকের ঘরে আগ্নেয়াস্ত্র রয়েছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী বাদশা মল্লিক পালিয়ে যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় বাদশা মল্লিকের নামে বেআইনি অস্ত্র মামলা করা হয়েছে বলে তিনি জানান।