মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে হাফিজুর রহমান (৪০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার জেলার মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে ।
নিহত হাফিজুর মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। আর অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এবিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার অফিস ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৮ টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটর সাইকেলের চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খালিদ হাসান হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান মারাক্তক আহত হলে খালিদ নামের ঐ ব্যক্তি তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে পার্শবর্তি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে ওই যুবকের সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।