স্টাফ রিপোর্টার: দিন দিন যশোর জেলা করোনাভাইরাসের হটস্পটে পরিণত হচ্ছে। প্রতিদিনই এ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।আজ যশোরের আরো ৪৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।
জেলায় গত ২৪ ঘণ্টায় ৮০০টি নমুনা পরীক্ষা করে ৪৫৪টি নমুনা তে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা ৫৭ শতাংশ।যশোরের সিভিল সার্জন আবু শাহিন সোমবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলাব্যাপী লকডাউন চলছে। আমরা কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি। তাছাড়া আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। জেলার সার্বিক পরিস্থিতি নজর রাখা হচ্ছে। প্রত্যেককে লকডাউন মেনে চলার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। এরপরেও যদি কেউ লকডাউন ভেঙে দোকানপাট খোলে বা বিনা প্রয়োজনে রাস্তায় নামে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।