শরীয়তপুর সংবাদদাতা: রসিক সাগর আহমেদ সরদার করোনা মহামারীর মধ্যেও ঘটা করে হেলিকপ্টারে করে নতুন বউ নিয়ে নিজ গ্রামে। কিন্তু বেরসিক উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলিকপ্টারে বউ নিয়ে অবতরণ করার পরপরই ছুটে যান সাগর সরদার এর বাড়িতে। হেলিকপ্টারটি গ্রামের একটি ইটের সড়কে অবরণ করে। এ সময় সেখানে শত শত গ্রামবাসী জড়ো হয়। কারও মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি চরমভাবে লঙ্ঘন হতে দেখা যায়। ঘটনাস্থলেই বর সাগর আহমেদ সরদার কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দেশব্যাপী করোনা মহামারির মধ্যে ঘটা করে বিয়ের আয়োজন ও হেলিকপ্টারে বউ নিয়ে গ্রামে এসে স্বাস্থ্যবিধি ভেঙে এত মানুষ জড়ো করার তাকে এ জরিমানা দিতে হয়।
রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই এ অর্থদণ্ড করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর নতুন হাট গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদার (২৩) সোমবার (২৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবিনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যাকে (২৩) বিয়ে করে হেলিকপ্টার শরীয়তপুরের দক্ষিণ ভাসানচর নতুন হাট নিয়ে আসেন।
হেলিকপ্টারটিওই গ্রামের একটি ইটের সড়কে অবরণ করে। পরে পালকিতে করে কনেকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যান। এসময় শত শত মানুষ জড়ো হয়। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। উপস্থিত অধিকাংশের মুখে ছিল না মাস্ক। করোনাসংক্রমণের এ সময় এ ধরনের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই ওই বাড়িতে পৌঁছান। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে আয়োজক সাগর আহমেদ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, বিশ্বজুড়ে গত প্রায় দু’বছর যাবৎ করোনা মহামারীর কারণে দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার চরম বিপাকে রয়েছে। সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনে আছে দেশ।তারপরেও ঘটা করে বিয়ে তার উপরে হেলিকপ্টারে করে নতুন বউ নিয়ে এসে এলাকার লোকজন একই স্থানে জড়ো করা ও স্বাস্থ্য বিধি লংঘনের দায়ে সাগর আহমেদ সরদার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই থেকে মানুষকে শিক্ষা নেয়া উচিত স্বাস্থ্য বিধি লংঘন করলে যে কারো অবস্থা সাগর আহমেদ সর্দারের মত হতে পারে।আমি শরীয়তপুর উপজেলা বাসীকে বার্তা দিতে চাই সবাই যেন সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলে।