সাংবাদিক রোজিনাকে ‘ঘসেটি বেগমে’র সঙ্গে তুলনা আইনজীবীর

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক:সরকারি নথি চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ইতিহাসের খলনায়কা ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন। বৃহস্পতিবার (২০ মে) রোজিনার জামিন শুনানির সময় এই তুলনা করেন তিনি।

ঘসেটি বেগমের সঙ্গে তুলনার বিষয়টি নিয়ে পরে সাংবাদিকরা আইনজীবী হিরনকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। তিনি বলেন, “আজকের মামলার আসামি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবেশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো রোজিনা সকলের অগোচরে চুরি করে নিয়েছেন এবং অফিশিয়াল সিক্রেট অ্যাক্টস ভঙ্গ করেছেন। সে কারণে ওনাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর রোজিনা তার দোষ স্বীকার করে মুচলেকা দিতে চেয়েছেন। আশা করছি, বিজ্ঞ আদালত নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেবেন। আমরা সব সময় ন্যায়বিচারের পক্ষে আছি।”

এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাংবাদিকদের প্রতি সদয়, তা নিয়েও বক্তব্য দেন। গতকাল বুধবার সচিবালয়ে রোজিনা ইসলামের একটি ভাইরাল হওয়া ভিডিও নিয়েও কথা বলেন আইনজীবী হিরন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, “সাক্ষ্য আইনের ২৪ ও ২৫ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারও কাছে দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য নয়। তাই আসামি পুলিশ বা অন্য কারও কাছে কোনো বক্তব্য আইনত গ্রহণযোগ্য নয়। এ ধরনের ভিডিও তার জামিন পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য বিষয় না। রাষ্ট্রপক্ষ এটা দাখিলের জন্য সময় চাইতে পারে না, তদন্তকালে এ ধরনের ডকুমেন্টস কেবল তদন্ত কর্মকর্তা দাখিল করতে পারেন।”

গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়।

এরপর মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার একটু পরে সিএমএম আদালতে তোলা হয়ে রোজিনাকে। এ সময় মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ বৃহস্পতিবার রোজিনার জামিন আদেশ হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে রোববার পর্যন্ত। তাই দেশের মানুষকে রোজিনার জামিনের বিষয়ে আগামী রোববার পর্যন্ত আদালতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *