ঝিনেদা সংবাদদাতা: ঝিনাইদহে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৪৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইন চ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ স্টেশন এলাকায় বিকট শব্দ শোনা যায়। এরপরই জানা যায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত খবর পাওয়া যায়নি। স্থানীয়রা আরো জানায় স্টেশন মাস্টারের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলছে অধিকাংশ সময় স্টেশনমস্টার সময় মত দায়িত্ব কর্তব্য পালন করেন না। যে কারণে এ ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবে ভাগ্য ভালো যাত্রীবাহী ট্রেনের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেনি তাহলে ব্যাপকহারে প্রাণহানি ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুইটির তিনটি বগি লাইন চ্যুত হয়।
তিনি আরো জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে।