স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১২ দিন ধরে চলা রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি স্থগিত করেছে। এর পর ফের বেনাপোল কাস্টমসে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল থেকেই কাস্টমস হাউজে কর্মচাঞ্চল্য ফেরে। এর আগে ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১২ দিন কর্মবিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা।
গতকাল রোববার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
আলোচনায় সরকার পক্ষ থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সোমবার সকাল থেকে বাকি কাজ পুষিয়ে নিতে পুরোদমে কাজ শুরু করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুল্কায়নসহ আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।
বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, রোববার সকাল থেকে কাস্টমস হাউজ, বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মবিরতি ছিল। রাতে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করায় সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে কার্যক্রম আরো গতিশীল হবে।