নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রধান পোস্ট অফিসের অফিস থেকে নাইটগার্ড রবিউল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২৬মে) সকালে যশোর প্রধান পোস্ট অফিসের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার একটি রুম থেকে রবিউলের মৃত দেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালী থানার পুলিশ। সে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।
রবিউলের শ্যালক শামীম জানান, রবিউল ইসলাম মাগুরা থেকে তিন মাস আগে যশোরের বদলি হয়ে আসে। তার পরিবার পরিজন এখনো মাগুরাতেই থাকেন। তার এক মেয়ে, এক ছেলে। যশোরে থাকাকালীন নিয়মিত ডিউটি করেন। কোনদিন কোন সমস্যার কথা শুনিনি। সপ্তাহে একদিন বাড়িতেও যাই। আবার বাড়ি থেকে এসে নিয়মিত ডিউটি করেন পোস্ট অফিসে। তবে ধারণা করা হচ্ছে চুরি করতে বাধা দেওয়া অথবা গোপন কোন তথ্য ফাঁসের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
যশোরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর বলেন, রবিউল তাদের একজন দায়িত্বশীল নাইটগার্ড ছিলেন। কারো সঙ্গে কোন শত্রুতা ছিল বলেও মনে হয় না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। এটি হত্যাকান্ড না, আত্মহত্যা সে বিষয়ে অনুসন্ধান চলছে। ময়না তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে।