স্টাফ রিপোর্টার: ঢাকা আমিনবাজার এলাকায় ৯০ লাখ টাকার হেরোইনসহ দুই পাচারকারী আটক হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন। এসময় জব্দ করা হয়েছে মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. নবাব ও রাজশাহী জেলার নাহিদ ইসলাম।
শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস দল। এসময় সন্দেহভাজন একটি পেঁয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত ট্রাকটি।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকার আমিন বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে দুই পাচারকারী অবস্থান করছে।এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেঁয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।