হতাহতের মা–বাবাদের কী জবাব দেব: মর্মস্পর্শী ভিডিওবার্তায় ড. ইউনূস

নিউজটি শেয়ার লাইক দিন

নিউজ ডেস্ক:রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার ঘটনায় জাতি গভীর শোক ও স্তব্ধতায় আচ্ছন্ন।

এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর সোমবার (২১ জুলাই) রাত ৯টায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক আবেগঘন ভিডিওবার্তা দেন।

তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব সেটাও বুঝতে পারছি না। আমার মতো আজ সারা দেশের মানুষ বাকরুদ্ধ।

ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা কেউ কল্পনাও করিনি যে এরকম একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে—প্রশিক্ষণ বিমান হঠাৎ করে ছোট ছোট শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মারা গেল তারা। মা-বাবাদের কী জবাব দেব আমরা? নিজেরাও নিজেদেরকে জবাব দিতে পারছি না।

তিনি জানান, আহতদের চিকিৎসায় রাজধানীর বড় হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই ঝাঁপিয়ে পড়েছে, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করছে।

তিনি বলেন, আহতদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। দূর থেকে দোয়া করুন।

আবেগভরে তিনি বলেন, অজানা শিশুদের মুখ ভেসে উঠছে সবার চোখে। তাদের লাশগুলোর চেহারা এতটাই বিকৃত যে মা-বাবারাও বুঝতে পারছেন না, এটা তাদের সন্তান কিনা। আলাদা করার কোনও উপায় নেই।

তিনি আরও যোগ করেন, এরা আমাদের সবারই সন্তান ছিল, হঠাৎ চিরদিনের জন্য চলে গেল। আমাদের হৃদয় ছিঁড়ে যাচ্ছে।

ড. ইউনূস তার বার্তায় ২২ জুলাই, মঙ্গলবারকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন। এদিন নিহতদের স্মরণে দেশজুড়ে একযোগে দোয়া মাহফিল ও নিরবতা পালন করা হবে বলে জানান তিনি।

আমরা সবাই তাদের আত্মার শান্তি কামনা করব, মাগফেরাত কামনা করব। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন, এই প্রার্থনায় তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রশিক্ষণ চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিদ্যালয় ভবনের একাংশে আছড়ে পড়ে এবং সাথে সাথে বিস্ফোরিত হয়। এ সময় শিক্ষার্থীরা ক্লাসে অবস্থান করছিল।

বার্তার শেষে ড. ইউনূস জাতিকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা সবাই আপনাদের পাশে আছি, পুরো জাতি আপনাদের সঙ্গে আছে। আমরা অবশ্যই তদন্ত করব, কিন্তু তাতে প্রাণগুলো তো আর ফিরে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *