নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা চাওয়ায় স্বামী নির্মল ও স্ত্রী সরস্বতী মিলে আবু বক্কার (৫৩) নামে এক প্রতিবেশীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আবুবক্কার দেওড়া ফরিদপুর গ্রামের মৃত:হোসেন কবিরাজের ছেলে। ঘাতক নির্মল ওই এলাকার ভজনের ছেলে।
ঘাতক নির্মল একজন সেলুনের দোকানদার। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই দম্পতিকে হেফাজতে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে যশোর জেলার সদর উপজেলার দেওড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে।
নিহত ছেলে রকি বলেন, তার বাবা রংমিস্ত্রির কাজ করেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি বাড়িতে হাঁস-মুরগি পালন করন। সেই হাঁস মুরগি আবার এলাকার লোকজনের কাছে বিক্রি করে থাকেন। বেশ কিছুদিন আগে ঘাতক নির্মল আমার আব্বুর কাছ থেকে একটি মুরগি কিনেছিল ৪০০ টাকা দিয়ে। কিন্তু তিনি টাকা পরে দেবেন বলে জানান। গত কয়েক মাস পেরিয়ে গেলেও নির্মল টাকা দেয়নি। আজ মঙ্গলবার দুপুরে আব্বু পাওনা টাকা চাইতে নির্মলের বাড়িতে যায়। কিন্তু টাকা না দিয়ে তিনি আব্বুকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আব্বু প্রতিবাদ করলে নির্মল ও তার স্ত্রী সরস্বতী দু’জন মিলে আমার আব্বুকে বাঁশ দিয়ে পিটিয়ে ফেলে রেখে দেয়। এ সময়ে আশপাশের লোকজন ঠিক পেলে তারা আমাদেরকে জানায়। আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সে আরো জানায়, নির্মলের সেলুনির দোকান আছে । কিন্তু সে ঠিকমতো দোকানে থাকে না। তিনি নেশা পান করেন। আর সারাক্ষণ বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ঘোরাফেরা করেন। বাবা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রকি।
স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার দেওড়া ফরিদপুর বাজারে নির্মলের একটা সেলুনের দোকান আছে। কিন্তু তিনি ঠিকমত দোকানে থাকে না। তিনি নেশা পান করেন। তিনি এলাকার মানুষের কাছে বাকিতে মাল ক্রায় করে টাকা দিতে চান না। এই সব বিষয় নিয়ে এলাকার মানুষের সঙ্গে তার প্রায় ঝগড়া ঝঞ্ঝাট হয়। একইভাবে কয়েক মাস আগে আবুবক্কারের কাছ থেকে সে মুরগি ক্রয় করেছিল। মুরগির টাকা না দেয়ায় মঙ্গলবার দুপুরে দিকে আবুবক্কার পাওনা টাকা নিয়ে আসতে নির্মলের বাড়িতে যায়। টাকা না দিয়ে নির্মল ও তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। প্রতিবাদ করলে স্বামী-স্ত্রী মিলে তাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। সাথে সাথে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুবক্কার কে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনার পরপরই কোতোয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে ঘাতক নির্মল ও তার স্ত্রীর সরস্বতীকে হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।