নিজস্ব প্রতিবেদক: সিদ্ধান্তহীনতা ও দেরীতে সিদ্ধান্ত গ্রহণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিভিন্ন দাবি পেশ করে শিক্ষার্থীরা যশোর জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার(২২শে এপ্রিল) বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনে ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের দাবি দাওয়া মন্ত্রণালয়ে জানাবেন বলেন আশ্বস্ত করেন। এ সময়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড চত্বরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন। এ সময়ে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ নানা দাবিতে স্লোগান দেন। এরপর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীদের দাবি, মাইলস্টোন ট্রাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে শিক্ষাসচিব ও শিক্ষা উপদেষ্টা গড়িমসি করেছেন। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তথ্য উপদেষ্টার মাধ্যমে রাত ৩ টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।
যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের নোটিশ করেছে সকাল ৮ টার দিকে। অনেকেই জানতে পারেনি। দায়িত্বশীলদের ব্যর্থতায় শিক্ষার্থীদের ভোগান্তি হয়েছে। একই সঙ্গে মাইলস্টোন স্কুলে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশের দাবি করেন।
সেনাবাহিনীর সদস্যদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত ঘটনায় নিঃশর্তে ক্ষমার দাবি করেন। নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ।
বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালুর দাবি করেন শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষার্থী অর্ণব বলেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় সারাদেশের মানুষ শোকাহত। কিন্তু শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে পারেননি। তথ্য উপদেষ্টা তার বাসায় গিয়ে মিটিং করার পর রাত ৩ টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন। তাহলে শিক্ষা উপদেষ্টা ও সচিবের অবহেলা ও গাফিলাতির কারণে দেশের লাখ লাখ শিক্ষার্থী হয়রানি হয়েছে। তারা নিজেদের দায়িত্বে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য তাদের দুইজনের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে মাইলস্টোলনে নিহত ও আহতদের তালিকা, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিষয়ে দাবি জানাচ্ছি।
লাবণ্য নামে এক শিক্ষার্থী বলেন, বিমান দুর্ঘটনায় যেভাবে কোমলমতি শিক্ষার্থীরা দগ্ধ হয়ে মারা গেছেন তা অবর্ণনীয়। ভাবতেই বুকের ভিতর হু হু করে ওঠে। অথচ অথর্ব ও অযোগ্য শিক্ষা উপদেষ্টার সেগুলো চোখে পড়ে না। এজন্যই তিনি আজকের পরীক্ষা স্থগিত করেননি। যখন এ নিয়ে সারাদেশ সমালোচনায় উত্তাল, তখন তার ঘুম ভেঙেছে। সকালে উঠে আমাদের জানতে হয়েছে পরীক্ষা স্থগিত। অনেকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নোটিস দেখে ফিরে এসেছে। এটি কতটা বেহায়াপনা উনি কি জানেন না ?
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগম জানান, আমরা শিক্ষাবোর্ড থেকে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আমরা ডিসিকেও জানিয়েছি। আজকের পরীক্ষা স্থগিত হবে।আমাদের চিঠি তৈরি করতে দেরি হয়েছে। আমরা তোমাদের প্রতি সহানুভূতিশীল। মাইলস্টোনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরাও গভীরভাবে শোকাহত। আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা আপনাদের দাবির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে জানিয়েছি। মন্ত্রণালয় থেকে দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।