স্টাফ রিপোর্টার: স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরই মিলল স্বামীর গলাকাটা মরদেহ। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।
বুধবার (৪ই অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয়- মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রুমা আক্তার বলেন, তারা দু’জন স্বামী—স্ত্রী পরিচয়ে বুধবার দুপুরে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন। দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী মিলে বাসা পরিষ্কার করছিলেন। তবে স্থানীয়রা সন্ধ্যার পর থেকে বাসায় তালামারা দেখতে পান। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।