সেরা করদাতা হলেন পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিক

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: বর্ষসেরা করদাতাদের তালিকায় এবারও উঠে এসেছেন জ্যেষ্ঠ সাংবাদিকদের কয়েকজন। এবার পাঁচজন বিশিষ্ট সাংবাদিক সেরা করদাতা হয়েছেন।

সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফরিদুর রেজা। এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মাহ্ফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ ও নঈম নিজাম। এর বাইরে ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছে মিডিয়াস্টার লিমিটেডসহ চার প্রতিষ্ঠান। অন্য তিন প্রতিষ্ঠান হলো—ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। ইতোমধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।

২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।

এদিকে পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া টানা ১৪ বার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর আগে মুজিববর্ষের সেরা করদাতা হিসেবেও বিশেষ সম্মাননা পান তিনি।

এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

চলতি বছর সিনিয়র সিটিজেন হিসেবে ব্যবসায়ী ক্যাটাগরিতে মো. কাউছ মিয়ার পাশাপাশি খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *