সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক গরুর রাখাল নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পের ১০০ গজ দূরে ঘোষপাড়া গ্রামে। আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলি গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক ভারত থেকে নিয়ে আসা গরুর একজন রাখাল। তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন গরু নিয়ে আসতে। সোমবার রাতে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থল ঘোষপাড়া গ্রামে নিহত হন তিনি। বিএসএফ পরে লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়। ফেসবুকের মাধ্যমে আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
এদিকে লাশ ফেরত পাওয়ার জন্য আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন বিজিবির বসন্তপুর ক্যাম্পে যোগাযোগ করেছে। তারা তাদের মাধ্যমে লাশটি ফেরত আনার চেষ্টা করছে।
ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, আব্দুর রাজ্জাকের লাশ ফিরে পাওয়ার জন্য তারা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবির মাধ্যমে বিএসএফফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
সাতক্ষীরা ব্যাটেলিয়ানের অধিভুক্ত বিজিবির বসন্তপুর ক্যাম্পের হাবিলদার মো. খলিলের কাছে ভারতীয় সীমান্তে বাংলাদেশী নাগরিক নিহত বিষয়টি জানতে চাইলে তিনি বলেন স্থানীয় মাধ্যমে শুনেছি গরু আনতে গিয়ে বাংলাদেশ এক যুবক নিহত হয়েছে। আমরা ইতিমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোন উত্তর আমাদের দেন। বাংলাদেশী যবক ভারতে
বিজিবির ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইয়াসিন আলম চৌধুরী বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে কোনো রাখাল নিহত হওয়ার ঘটনা তার কাছে নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে পরে সাংবাদিকদের জানানো হবে বলে তিনি জানান।
অপরদিকে কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, তিনি খবরটি শুনেছেন। নিহত যুবকের নাম-পরিচয়ও জানতে পেরেছেন।
এ প্রসঙ্গে বিজিবির বসন্তপুর ক্যাম্পের হাবিলদার মো. খলিল জানিয়েছেন, রাজ্জাকের পরিবারের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমরা বিএসএফের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি।