র‍্যাবের গোয়েন্দাপ্রধান হলেন লে. কর্নেল খায়রুল

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:   র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। বুধবার (৪ নভেম্বর) তিনি গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন তিনি। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে বুধবার (৪ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগ দেন। একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়নক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধী দমনে সফলতার সঙ্গে কাজ করেছে। এছাড়া সমাজের নানামুখী অপরাধ দমন সংক্রান্ত অভিযানে মুহাম্মদ খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি উগান্ডা, যুক্তরাজ্য, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।তাই তাকে এই গুরুদায়িত্ব দেয়া হয়েছে। আশা করা হচ্ছে তিনি এ পদে আসীন হয়ে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজের অধীনস্থ ফোর্সকে করোনামুক্ত রাখতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলামের ভূমিকা প্রশংসিত হয়। লকডাউন, হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণেও তার সক্রিয় ভূমিকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *