নিজস্ব প্রতিবেদক: যশোর বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ শহর। এখানে সাংস্কৃতিক ও কৃষিও শিল্পে অনেক অগ্রগতি সাধন করেছে। পর্যটনশিল্প গতিশীল করতে ও গদখালি ফুলের বাজার আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাতে যশোরের বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দর করতে সব ধরনের কাজ চালানো হচ্ছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে যশোর বিমানবন্দরে নবনির্মিত আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধনের সময়ে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা বলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যশোর বিমানবন্দরে ইতিমধ্যে ৩৫০ কোটি টাকা ব্যয়ে যশোরে রানওয়ের শক্তি বাড়ানোর জন্য প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে বিমান বিমানবন্দরের রানওয়েতে একাধিক বিমান ওঠানামা করতে পারবে। যশোর বিমানবন্দর থেকে গদখালীর ফুল ও কৃষি পণ্য সরাসরি দেশের বাইরে সরবরাহ করা সম্ভব হবে। তাছাড়া যশোরের পর্যটন শিল্প ও ব্যাপক অগ্রগতি হবে। পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরে ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এ অঞ্চলের জনগণ বিমানবন্দর ব্যবহার করে বিমানযাত্রায় আরো উন্নত ও আধুনিক সেবা পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিএএবি প্রধান প্রকৌশলী আব্দুল মালেক প্রমূখ। অনুষ্ঠানটির সভাপতি করেন,
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সভাপতি এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।