স্টাফ রিপোর্টার: যশোরের হত্যা সহ ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন ওরফে মাঠ সুমন (৩৫) গ্রেফতার হয়েছে।
সে যশোর শংকরপুর মাঠপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত সুমন ওরফে মাঠ সুমন যশোরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদ হত্যাকাণ্ডেরও অন্যতম আসামি।
শুক্রবার (১৬ই ডিসেম্বর ২০২২) সন্ধ্যার পরে যশোর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সদস্যরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গ্রেফতারকৃত সুমন ওরফে মাঠ সুমন যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি, বিস্ফোরকসহ থানায় ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলো। সে গ্রেফতার এড়াতে এক এক সময়ে এক এক জায়গায় অবস্থান করতো। এর মাঝেও সে হত্যা সহ নানা ধরনের অপরাধের মিশন পরিচালনা করতো।
সর্বশেষ গত ৮ ই নভেম্বর ২০২২ তারিখে যশোর বেজপাড়া ছাদেক দারোগার মোড়ে একাধিক হত্যা মামলা, বিস্ফোরক, অস্ত্র ও মাদক মামলার আসামী ও যশোর সেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদকে চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর দিনে নিহতর পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার পরপরই সে পলাতক ছিলো। এক পর্যায়ে ছায়া তদন্তের মাধ্যমে জানতে পারি সুমন ওরফে মাঠ সুমন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাজারে অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।