স্টাফ রিপোর্টার: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে হত্যা মামলায় আটক করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে তাকে আটক করে যশোর র্যাব-৬ এর সদস্যরা।আটক শাহী শহরের পুরাতন কসবা কাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ২০১৪ সালের ১৫ জুলাই খুন হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুর ইসলাম রিয়াদ। এ মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে যশোর চৌরাস্তা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) সদস্যরা। সন্ধ্যায় তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।