স্টাফ রিপোর্টার: যশোরে রেল লাইনের পাশে শপিংব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক।
সোমবার (২৮ মার্চ) সকালে স্থানীয় এক নারীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামে এক নারী সকালে হাঁটতে গিয়ে চৌগাছা সড়কের রেল ক্রসিংয়ে একটি শপিং ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগের কাছে গেলে দেখতে পান এক নবজাতক ব্যাগের ভেতর নড়াচড়া করছে। দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান রানুর সহযোগিতায় নবজাতককে হাসপাতালে ভর্তি করান।
যশোর সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন ফরহাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অঞ্জলি অঞ্জলি রানী নামে এক নারির বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ আছে। এখনো তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরপরই শিশুটিকে তার মা ব্যাগে করে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে। শিশুটিকে কেউ লালন পালনের দায়িত্ব নিতে চাইলে নীতিমালা অনুসরণ করে তাকে গ্রহণ করতে হবে বলে জানান এ কর্মকর্তা।